ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ ঘটনায় সিএনজিচালক মো. শওকত আলী (২৫) কে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি শীলখালী চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় সিএনজির চালকের আসনের নিচে পলিব্যাগে লুকানো অবস্থায় ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে চালক শওকত আলীকে আটক করা হয়।
আটক শওকত আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের নজির আহমদের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজিবি জানায়। সিএনজিটি আরও তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।
https://slotbet.online/