ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে লুকানো অবস্থায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিস্তার রোধে সীমান্ত ও নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
https://slotbet.online/