বিশেষ প্রতিনিধি: রংপুরের পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা লোহার সাবল দিয়ে আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে এক স্থানীয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে আমেরিকা প্রবাসী দুই ভাই—ফজলে এলাহী রিপন ও ফজলে রাব্বী রাসেলের যৌথ বাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রবাসী দুই ভাই সম্প্রতি আমেরিকা থেকে দেশে আসেন এবং আগামী শুক্রবার (২১ আগস্ট) তাদের আমেরিকায় ফেরত ফ্লাইট ছিল। ঘটনার সময় তাদের পরিবার একটি বিশেষ কাজে রংপুর শহরে অবস্থান করছিল। এই সুযোগে দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের ভেতরের আলমারির লক ভেঙে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে এবং আসবাবপত্র তছনছ করে চম্পট দেয়। পরবর্তীতে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাইরে থেকে আটকানো ঘরের ছিটকিনি খুলে ভেতরে ঢোকেন এবং পীরগাছা থানা পুলিশকে খবর দেন।
ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে আমেরিকা প্রবাসী ফজলে রাব্বী রাসেল বলেন, “আমরা বিদেশে দিনরাত পরিশ্রম করে কষ্টের অর্জিত অর্থ দেশে পাঠাই। অথচ আজ নিজেদের দেশেই নিজেদের ঘর নিরাপদ নয়। লুট হয়ে যাওয়া গয়না ও মালামাল উদ্ধারসহ আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
ঘটনার পরপরই রাতেই পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রংপুরের পুলিশ সুপার এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, প্রবাসীদের বাড়িতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রবাসীদের চাচার লিখিত আবেদনের প্রেক্ষিতে রাতেই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মনু মিয়া নামে এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া মালামাল উদ্ধার এবং বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
https://slotbet.online/