ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, সালিশ কার্যক্রমে বাধা সৃষ্টি ও সরকারি আদেশ অমান্য করার দায়ে আব্দুল হোছাইন (২৪) নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৩টার দিকে ক্যাম্পের লিগ্যাল এইড অফিসে একটি পারিবারিক সালিশ চলছিল। এ সময় সেখানে উপস্থিত হয়ে সালিশের একটি পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে হুমকি দেন আব্দুল হোছাইন। পাশাপাশি সালিশ কার্যক্রমে বাধা সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন তিনি।
এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তিনি তা মানতে রাজি হননি। উল্টো ক্যাম্প এলাকায় একাধিক রোহিঙ্গা নারীকে বিয়ে করেছেন বলে দাবি করেন এবং সরকারি কোনো আদেশ মানবেন না বলে প্রকাশ্যে বক্তব্য দেন।
পরে বিষয়টি আলীখালী এপিবিএন ক্যাম্পের টহল দলকে জানানো হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাঁকে হেফাজতে নেন।
পরবর্তী সময়ে ক্যাম্প-২৫-এর সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নানের কার্যালয়ে হাজির করা হলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্যের দায়ে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হোছাইন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার জহির আহমেদের ছেলে। পরে তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/