তাড়াশ প্রতিনিধি
মোঃ শামসুজ্জোহা
সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমকে আরও গতিশীল ও নির্ভুল করতে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বিভিন্ন ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
কর্মশালায় ইউএনও নুসরাত জাহান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো যোগ্য পরিবার যাতে বাদ না পড়ে, আবার ভুল তথ্যের ভিত্তিতে কেউ তালিকাভুক্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠপর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রশিক্ষণে তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করার পদ্ধতি, তথ্যের সত্যতা ও নির্ভুলতা যাচাই এবং সুপারভাইজারদের মাধ্যমে সংগৃহীত উপাত্ত পর্যালোচনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে সম্ভাব্য ভুল এড়ানোর বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা মনে করছেন, এ কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের কাজের মান ও দক্ষতা বাড়বে। এর ফলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উপকারভোগী নির্বাচন এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
https://slotbet.online/