তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় একটি কবরস্থানের বৈদ্যুতিক সংযোগের তার চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। কবরস্থানের মতো ধর্মীয় ও সংবেদনশীল স্থান থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদাস গ্রামের কবরস্থানের বৈদ্যুতিক সংযোগের তার রাতের কোনো এক সময়ে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কবরস্থানের বিদ্যুতের তার চুরির ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় ভাদাস গ্রামের বাসিন্দা এ.এস.এম. তোহা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “রাতের আঁধারে ভাদাশ কবরস্থানের বিদ্যুতের তার চুরি। মানুষ তোমরা আর কত নিচে নামবে?”
তাঁর ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম লেখেন, “হায়রে মানুষ! আর কত হবে দুনিয়াতে, আল্লাহ সবাইকে হেদায়েত করুন।”
সোহেল রানা নামে আরেকজন মন্তব্য করেন, “সৃষ্টির সেরা জীব হয়ে আর কত নিচে নামবে মানুষ?”
কবরস্থানের মতো একটি পবিত্র ও ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত স্থান থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতিই নয়, স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক মূল্যবোধেও আঘাত করে।
এলাকাবাসী দ্রুত চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি কবরস্থানের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা হয়েছে কি না কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
https://slotbet.online/