ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের অভিযোগে মো. নুরুল হাকিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির বিশেষ টহল দল রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুরের পাশ দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁকে চ্যালেঞ্জ করা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন।
পরে তাঁর হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচটি কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটক নুরুল হাকিম কক্সবাজারের উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৫-এর ব্লক-ই-৬-এর বাসিন্দা। তিনি জকরিয়ার ছেলে।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
https://slotbet.online/