ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে নিখোঁজ এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ এপিবিএনের শালবাগান পুলিশ ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নারীকে তাঁর বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের লেদা বাজার এলাকায় তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই নারীর নাম আল মোস্তফা (১৯)। তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা ৪২ মিনিটের দিকে শালবাগান পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনজুরুল আবছার খবর পান, এক রোহিঙ্গা নারী আলীখালী সড়কের মাথা থেকে মহাসড়ক ধরে লেদার দিকে হেঁটে যাচ্ছেন এবং এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন।
খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ রাতের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও জাদিমুড়া ক্যাম্প থেকে আসা নারী কনস্টেবল লিজা আক্তার মুক্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পথে লেদা চেকপোস্টের সামনে পৌঁছে তাঁরা জানতে পারেন, ওই নারী লেদা টাওয়ারের সামনে অবস্থান করছেন।
পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে শালবাগান পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকানা জানান। পরে আশপাশের ক্যাম্পে খোঁজ নিয়ে তাঁর বাবা-মায়ের পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাঁরা ক্যাম্পে আসেন।
পুলিশ জানায়, ওই নারীর বাবা-মা জানিয়েছেন, তাঁদের মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। এ ঘটনায় তাঁদের কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে আল মোস্তফাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে একটি নোট করা হয়েছে।
ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি
https://slotbet.online/