শরীফ আহমেদ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঘরে একা পেয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. রাকিব (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নবিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিব ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিশুটির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় রাকিব। এ সময় শিশুটির চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী শিশুটির বাবা মো. হান্নান প্রামাণিক জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি মেয়েকে নিয়ে একাই বসবাস করছেন। জীবিকার প্রয়োজনে তাকে বাইরে থাকতে হয়। এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়ের ওপর অমানবিক নির্যাতনের চেষ্টা চালায়। তিনি এই ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহল অভিযুক্ত রাকিবকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
https://slotbet.online/