রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক
বগুড়া প্রতিনিধি: ছাব্বির হাসান
সরকারি রাজস্ব ফাঁকি ও দুই কর্মকর্তার ওপর হামলার অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দায়ের করা ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সূত্রে জানা যায়, গাজীপুরের হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করেছিল পত্রিকাটি। ওই সংবাদ প্রকাশের পর প্রতিশোধমূলকভাবে দুই সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।
দুই সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে তাদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হতে পারে। তবে কোনো প্রকার তদন্ত ছাড়াই সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কতটা আইনসিদ্ধ, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে পুরো সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বলেন, “সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামাতেই এ ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। মিথ্যা মামলা কিংবা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা কখনো থামিয়ে রাখা যাবে না।”
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এ মামলাকে কেন্দ্র করে স্বাধীন সাংবাদিকতা ও সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
https://slotbet.online/