ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে প্রেমের সম্পর্কের জেরে স্থানীয় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধার করে বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। রাত ৯টা ৪০ মিনিটে কিশোরীকে তার বড় ভাই নুরুল আমিনের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের বাসিন্দা তাসমিন আরা (১৭) ও স্থানীয় জাদিমুড়া এলাকার মোস্তাফিজ (২২)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। রোববার ভোরে মোস্তাফিজ তাঁর এক বন্ধুর সহযোগিতায় বিয়ের উদ্দেশ্যে ওই কিশোরীকে নিয়ে তাঁর এক নিকটাত্মীয়ের বাসায় যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানার পর কিশোরীর পরিবারের সদস্যরা বিয়েতে অসম্মতি জানিয়ে ক্যাম্প-২৭-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মণ্ডলের নির্দেশনায় এসআই নিপুন মজুমদারের নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ একটি দল অভিযান চালায়। এ সময় ক্যাম্পের বি/৩ ব্লকের একটি স্থানীয় বাঙালি বসতঘর থেকে তাসমিন আরাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে কিশোরীর পরিবারের সদস্যরা কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন না বলে পুলিশকে জানান। এরপর রাত ৯টা ৪০ মিনিটে তাকে বড় ভাই নুরুল আমিনের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
https://slotbet.online/