নিজস্ব প্রতিবেদক, তাড়াশ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাড়াশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আরজুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের ওপর এ ধরনের অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা তৈরি করে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইউসুফ আলী, সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে আব্দুল মামুন, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন এবং তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
https://slotbet.online/