ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্তে জেলের ছদ্মবেশে মাছের ক্যারেটে করে ইয়াবা পাচারের চেষ্টাকালে মালিকবিহীন দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ৬৪ বিজিবির উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল। তাকে চ্যালেঞ্জ করা হলে ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান তিনি।
পরে ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০টি প্যাকেট থেকে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, উদ্ধার হওয়া ইয়াবার মালিক ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
https://slotbet.online/