ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও কুখ্যাত ডাকাতসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার এবং মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত টেকনাফের ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্যাটালিয়ন আনসার ও কোস্ট গার্ডের মোট ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, ৪ মাস ১০ দিনের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে কুখ্যাত সাদ্দাম বাহিনীর একজন সক্রিয় সদস্য ও ডাকাতকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। রিকল মূলে পাঁচটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় এবং তিনটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
অন্যদিকে অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে জড়িত তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে যথাক্রমে চার মাস, এক মাস ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএন জানায়, ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
https://slotbet.online/