ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ৬৪ বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান দুটি পরিচালনা করে।
আটক দুজন হলেন-উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬, ব্লক-এ-২-এর বাসিন্দা ফরিদ আলমের ছেলে মো. সেলিম (২০) এবং ক্যাম্প-২৪, ব্লক-বি-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. এমরান (২৫)।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে বালুখালী বিওপির বিশেষ টহল দল বিএসপি পোস্টসংলগ্ন সোহেলের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে একজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করেন সেলিম। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার হাতে থাকা পোটলা তল্লাশি করে নীল রঙের প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল পূর্ব ফারির বিল গুইল্লাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশের সময় এমরানকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার পোটলা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/