ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে প্রবেশের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. সাইফুদ্দীন (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পালংখালী সীমান্তের ফাইসাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাইফুদ্দীন উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৯-এর এ ব্লক-১-এর বাসিন্দা। তিনি মো. আবু তাহেরের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুদ্দীন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, এই চালানের সঙ্গে জড়িত সরবরাহকারী ও অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
https://slotbet.online/