
স্বচ্ছতা নিশ্চিত, ভোটার হয়রানি বন্ধ ও জনদুর্ভোগ নিরসনে তিন দপ্তরে মতবিনিময়
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে উন্নয়নকাজের মান নিশ্চিত করা, ভোটার হতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
রোববার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা এম অনিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলা উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব বিষয়ে আলোচনা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
জনদুর্ভোগ তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা চান ইউএনও
সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এম অনিক চৌধুরীর সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় টেকনাফের সার্বিক উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।
ইউএনও এম অনিক চৌধুরী প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, টেকনাফের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে প্রেসক্লাবকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি প্রেসক্লাবের সার্বিক অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন।
সরকারি উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে নজরদারির আহ্বান
সকাল ১২টায় উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলা উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
টেকনাফের সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন, নির্মাণকাজের গুণগত মান এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে আলোচনায় গুরুত্ব পায় স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন বলেন, সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি থাকতে হবে।
উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম কিংবা নিম্নমানের নির্মাণ যাতে না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।
ভোটার হতে গিয়ে হয়রানি নয়, রোহিঙ্গাদের অবৈধ অন্তর্ভুক্তি ঠেকানোর দাবি
দুপুর ১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় ভোটার নিবন্ধনে সাধারণ মানুষের ভোগান্তি, নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য ও তদবির বাণিজ্য বন্ধ এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রতিরোধের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ভোটার হতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হওয়া উচিত নয়।
তারা বলেন, যথাযথ যাচাই-বাছাই ও কঠোর নজরদারির মাধ্যমে রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকাতে হবে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতি
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, যোগাযোগবিষয়ক সম্পাদক মো. হোসাইন এবং সদস্য আবু মুসা, জসিম উদ্দিন ও মাজিবুল হক।
দিনব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে টেকনাফের উন্নয়ন, নাগরিক অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
https://slotbet.online/