আগের দিন উদ্ধার হয় পাঁচ বাংলাদেশি, ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযান
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা আরও দুই রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ থানার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গত ১৬ নভেম্বর একই এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে সী-বিচ বিওপির বিশেষ টহল দল। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে একই এলাকায় ফের অভিযান চালানো হয়। এ সময় আরও দুই এফডিএমএন নাগরিককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন-মো. আলম (২৫) ও মো. আরফাত হোসেন (১৯)। তারা দুজনই টেকনাফের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিজিবির অধিনায়ক জানান, মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ। এটি প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচারকারীদের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি বদ্ধপরিকর।
উদ্ধার হওয়া দুই রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
https://slotbet.online/