বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূ মুনমুন আক্তারকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ডোংরা (শাহ্ পলোয়ান পাড়া) এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী মুনমুন আক্তার ওই এলাকার মৃত সাহাব উদ্দিন ও পারভিন আক্তারের মেয়ে। অভিযুক্তরা হলেন তার স্বামী মৃত নুর হোসেনের ছেলে মহসিন সিকদার মানিক এবং শাশুড়ি লুৎফুর নাহার। তাদের বাড়িও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ডোংরা পলোয়ান পাড়ায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিতে মুনমুন আক্তারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার স্বামী ও শাশুড়ি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক বিরোধ কিংবা যৌতুকের দাবিতে কোনো নারীর ওপর শারীরিক নির্যাতন গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর সুচিকিৎসা নিশ্চিত করা এবং অপরাধ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
তবে এ ঘটনায় অভিযুক্ত মহসিন সিকদার মানিকের বোন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ঘটনার দিন বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি বিষয়টি প্রত্যক্ষ করেন। তার ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়ার সৃষ্টি হলে তার ভাই রাগের মাথায় মুনমুনকে কয়েকটি থাপ্পড় ও লাথি মারেন। এ ঘটনায় উভয় পক্ষেরই দোষ রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, মুনমুন আক্তার বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় পরিবারের পক্ষ থেকে তাকে হাসপাতালে দেখতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হলে ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভুক্তভোগীর পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন, ভুক্তভোগীর সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।
https://slotbet.online/