ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে আটটি আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সরকারি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সরকারি আদেশ অমান্য, সরকারি জায়গা দখল এবং মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার ২০২৫ সালের ২৫ এপ্রিল দায়ের করা ৬৯ নম্বর মামলার দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি মো. কামাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/২ ব্লকের বাসিন্দা।
অন্যদিকে, ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা জবরদখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় জারি করা সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের যথাক্রমে তিন মাস, দুই মাস, এক মাস ও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-২৫ নম্বর ক্যাম্পের কেফায়েত উল্লাহ (৩০), ২৬ নম্বর ক্যাম্পের আনিস খান (২২), নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের কেফায়েত উল্লাহ (১৯) এবং ২৬ নম্বর ক্যাম্পের আকাইদুল মোস্তফা (২০)।
এ ছাড়া ২৪ নম্বর ক্যাম্পে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের আরও একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
https://slotbet.online/