চিকিৎসকের আচরণে ক্ষোভ: গাছা থানায় অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের।
প্রতিনিধি গাজীপুরঃ
গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় অবস্থিত জমিলা জেনারেল হাসপাতালে রোগী, স্বজন ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে হাসপাতালটির মালিক ও চিকিৎসক ডা. আফরোজা আক্তার ডলির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোগী লামিয়া শারমিন তানহা তার মা কামরুল নাহার মুন্নী ও বাবা রাজু আহম্মেদ শাহিনকে সঙ্গে নিয়ে গাইনী চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। এ সময় তার স্বামী আশিকুর রহমান ইমনও উপস্থিত ছিলেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চাইলে চিকিৎসক তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
রোগীর পরিবারের দাবি, প্রশ্নের জবাব দিতে গিয়ে চিকিৎসক উত্তেজিত হয়ে পড়েন এবং টেবিলে থাকা বিভিন্ন জিনিসপত্র রোগীদের দিকে ছুড়ে মারেন। অভিযোগে আরও বলা হয়, একটি পেপার ওয়েট ছুড়ে মারার ঘটনায় রোগী আহত হন।
ঘটনার সময় উপস্থিত রোগী ও স্বজনরা জানান, চিকিৎসকের এমন আচরণে তারা মানসিকভাবে ভীত ও হতাশ হয়ে পড়েন। তাদের মতে, একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।
অন্যদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট চিকিৎসকের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে হাসপাতাল পর্যায়ে রোগীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “রোগী চিকিৎসকের কাছে সেবা নেওয়ার জন্য এবং রোগ সম্পর্কে জানার জন্য যান। যদি চিকিৎসক খারাপ ব্যবহার করে থাকেন, সেটি অন্যায়। আবার রোগী পক্ষ থেকেও অসৌজন্যমূলক আচরণ হলে সেটিও গ্রহণযোগ্য নয়। উভয় পক্ষের অভিযোগ তদন্ত ও বিচারের মাধ্যমে সমাধান হওয়া উচিত।”
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
https://slotbet.online/