মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:-
গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন মো. নাঈম (১৬)। তিনি কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। নাঈম ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন। অপর নিহত কিশোর নাঈমের বন্ধু বলে ধারণা করছে পুলিশ। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করার সময় দুই কিশোর রেললাইনের পাশে অবস্থান করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন নাঈম।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইন হওয়ায় বিভিন্ন সময় টিকটকাররা এসে ভিডিও করেন। রাতেও পর্যাপ্ত আলো থাকার কারণে অনেকেই রাতে আসে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুজন রেল লাইনের ওপর টিকটক ভিডিও করতেছিলেন। এমন সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদেরকে চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাঈমের মরদেহ শনাক্ত করেন। দুর্ঘটনায় অপর কিশোরের শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
##
গাজীপুর মহানগর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -১৪/০৫/২০২৬ খ্রি.
https://slotbet.online/