নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার আওতাধীন আরাজী দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বহীনতা এখন যেন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। নির্ধারিত সময় উপেক্ষা করে নিজেদের খেয়ালখুশি মতো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন সহকারী শিক্ষকেরা—এমন অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে।
অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক লতা রায় বিদ্যালয়ে উপস্থিত হন সকাল ১০টা ০৪ মিনিটে, সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া আসেন ১০টা ১৮ মিনিটে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো—সহকারী শিক্ষক নাহিদা নাসরিন (বর্না) এই প্রতিবেদক সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করলেও উপস্থিত হননি।
এলাকাবাসীর দাবি, এটি কোনো একদিনের ঘটনা নয়—বরং প্রতিদিনই এমন অনিয়ম চলে আসছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধান শিক্ষক রাজকুমার রায় হতাশা প্রকাশ করে বলেন, “বললে মা গালি খায়, না বললে বাবা উচ্ছিষ্ট খায়। আমি উভয় সংকটের মধ্যে আছি। আমি অক্ষম।” তার এমন বক্তব্য যেন পুরো ব্যবস্থার অসহায়ত্বকেই প্রকাশ করে।
অন্যদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (নীলফামারী সদর) কৃষ্ণা কাবেরী বিশ্বাস বলেন, “অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বলছেন,
এভাবে চলতে থাকলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। এলাকাবাসীর জোর দাবি—
অবিলম্বে তদন্ত করে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিদ্যালয়ে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
https://slotbet.online/