দোয়ারাবাজারে মাদক ও জুয়া নিয়ন্ত্রণের জন্য থানায় এলাকাবাসীর অভিযোগ দায়ের।
‘মাদকসেবীদের ভয়ে সন্ধ্যার পর থেকে মানুষজন হাটবাজার কিংবা বাইরে যেতে ভয় পায়। এ যেন নতুন আরেক মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।’
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক সেবন, মাদকের অবাধ কেনা-বেচা ও জুয়ার আড্ডা বন্ধ করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের ‘সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটি’র উদ্যোগে কমিটির আহ্বায়ক আব্দুল গফফার ও যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দোয়ারাবাজার থানায় ওই লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়, উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের বিভিন্ন দোকান, মাঠ ও জনসমাগমস্থলে দিনে-রাতে সমানতালে নিয়মিত জুয়া খেলা, মাদক সেবন ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর এতে বেশি জড়াচ্ছে উঠতি বয়সী যুবক ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ক্রমেই বিপথগামী হয়ে পড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
কমিটির আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা আব্দুল গফফার বলেন, ‘নৈনগাঁও গ্রামসহ আশপাশ এলাকায় ক্রমেই মাদক ও জুয়ার আড্ডা বাড়ছে। নতুন নতুন মাদক বিক্রেতাও বাড়ছে। ফলে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হচ্ছে। মাদকসেবীদের ভয়ে সন্ধ্যার পর থেকে মানুষজন হাটবাজার কিংবা বাইরে যেতে ভয় পায়। এ যেন নতুন আরেক মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন যদি এসব বিষয়ে হস্তক্ষেপ না করে তাহলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের কিছু হয়ে যেতে পারে।’
অভিযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন নৈনগাঁও গ্রাম মাদক, জুয়া ও সন্ত্রাসী বিরোধী কমিটির আহ্বায়ক মো: আব্দুল গফ্ফার, যুগ্ম আহ্বায়ক মো: মতিউর রহমান, সদস্য হাফিজুর রহমান, তাজুল ইসলাম, রফিক মিয়া, রকিব আলী, আমির আলী, সিরাজ আলী, সুন্দর আলী, মুজিবুর আলী, আবুল কাইয়ুম, বাবুল আলী, সুমন মিয়া, ইলিয়াছ আলী, অমল দাস, আসাদ আলী, আব্দুল মান্নান, লিয়াকত আলী, কবির মিয়া, আসাদ আলী, জিনু মিয়া প্রমুখ।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
https://slotbet.online/