ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা ও একটি ইয়ামাহা আর১৫এম মোটরসাইকেলসহ রায়হান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি-সংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনীর হোয়াইক্যং আর্মি ক্যাম্প ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা অংশ নেন।
এপিবিএন সূত্র জানায়, চেকপোস্ট অতিক্রমের সময় একটি ইয়ামাহা আর১৫এম মোটরসাইকেলের চালক দ্রুতগতিতে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে যৌথ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালান। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো ও পুরোনো ছেঁড়া লুঙ্গিতে পেঁচানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।
খবর পেয়ে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ হুমায়ুন কবির ও এসআই কৃষ্ণ চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাক্ষীদের সামনে মোটরসাইকেলটি তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপার পলিব্যাগে রাখা ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পলিব্যাগসহ ৯৭০ গ্রাম। প্রতিটি ইয়াবার গায়ে ইংরেজিতে ‘WY’ লেখা রয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক রায়হানকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা।
উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
https://slotbet.online/