ছাদেক আহমাদ, সৌদি আরব।।
দূর প্রবাসে ক্রীড়াঙ্গনে আগামীর পথচলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘গ্রীণ বাংলা স্পোর্টস ক্লাব’-এর স্পন্সর এগ্রিমেন্ট (পৃষ্ঠপোষকতা চুক্তি) ও জার্সি উন্মোচন অনুষ্ঠান।
গত ২০০০ সাল থেকে একদল ক্রীড়াপ্রেমী প্রবাসী দেশে কায়িক শ্রমের পাশাপাশি নিজেদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য বেছে নিয়েছিলেন খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনকে। সেই সময়ে শুধু টেপটেনিস ও ব্যাট নিয়ে ‘গ্রীণ বাংলা ক্রিকেট টিম’ নামে যে দলটির যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ প্রবাসীদের অক্লান্ত প্রচেষ্টায় আজ তা একটি পূর্ণাঙ্গ ক্লাবে পরিণত হয়েছে। বর্তমানে ক্রিকেট, ফুটবল, টেপটেনিস, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে রিয়াদের প্রবাসী কমিউনিটিতে বেশ সুনাম কুড়িয়েছে ক্লাবটি।
এবারের জমকালো আয়োজনে ক্লাবের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে স্পন্সরশিপ চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাদের মধ্যে সিআইপি আব্দুল কাইয়ুম মির্জা, আব্দুল্লাহ আল মামুন, আইয়ুব আলী, ইয়াসমিন মিয়া, বশির আহমেদ এবং আশরাফ উদ্দিন শাহিন অন্যতম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)।
অনুষ্ঠানে রিয়াদের স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী প্রবাসী ও ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ক্লাবের উপদেষ্টা ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, প্রবাসের মাটিতে সাফল্যের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে গ্রীণ বাংলা স্পোর্টস ক্লাবের। দলটি ২০১৬ সালে বিখ্যাত ‘ওয়েস্টার্ন ইউনিয়ন টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া এ পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্টে ৮ বার চ্যাম্পিয়ন এবং ৬ বার রানার্সআপ হওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছে তারা।
অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করে বলেন, গ্রীণ বাংলা স্পোর্টস ক্লাব বহির্বিশ্বে বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও ক্রীড়াঙ্গনের সুনাম বয়ে আনার পাশাপাশি প্রবাসীদের ঐক্যবদ্ধ রেখে দেশের রেমিট্যান্স বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
https://slotbet.online/