বিশেষ প্রতিবেদক:
সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ ও ধর্মীয় উগ্রবাদ নির্মূলের লক্ষ্যে সচেতনতামূলক লেখালেখি ও বক্তব্য প্রদান করা কি কোনো অপরাধ? সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কলম ধরার কারণে যদি একজন মানুষকে হত্যার হুমকির মুখে পড়তে হয়, তাহলে তা শুধু ওই ব্যক্তির জীবনের নিরাপত্তার জন্যই হুমকি নয়; বরং সমাজের মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্তচিন্তার ওপরও এক ভয়াবহ আঘাত।
জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লেখালেখি এবং জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার কারণে হত্যার হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী সায়মা বেগম। তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সায়মা বেগমের গ্রামের বাড়ির ঠিকানায় একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে জঙ্গিগোষ্ঠী ও মৌলবাদীদের বিরুদ্ধে তাঁর লেখালেখি এবং সোচ্চার ভূমিকার জন্য তাঁকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, চিঠিতে তাঁর নিখোঁজ পিতা খুশিদ আলীর পরিণতি থেকেও শিক্ষা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, খুশিদ আলী জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার একজন ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশ এন্টি মিলিট্যান্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের দাবি, গত ১০ মে ২০২৬ তারিখ থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার আগে জঙ্গিবাদবিরোধী অবস্থানের কারণে তিনিও বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকির শিকার হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
একই পরিবারের পিতা নিখোঁজ এবং মেয়ের কাছে প্রাণনাশের হুমকি পৌঁছানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে একজন নারী, যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাঁর গ্রামের বাড়িতে এ ধরনের হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনা পরিবারের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে।
সায়মা বেগমের পরিবার এ ঘটনায় গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাঁরা মনে করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত হুমকিদাতাদের শনাক্ত করা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে খোরশেদ আলীর নিখোঁজ হওয়ার ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং তাঁর সন্ধান নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
https://slotbet.online/