ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে লুকানো ১ হাজার ৯৫৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটক মো. ফারুক (২২) চট্টগ্রামের চান্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামের আলী হোসেনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম শনিবার এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, শনিবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘নীলদরিয়া’ নামের একটি যাত্রীবাহী মিনিবাস শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী ফারুকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার পরিহিত জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১ হাজার ৯৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। পরে তাকে বিস্তারিত তল্লাশি করেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
https://slotbet.online/