ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের জিম্মং খালি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ জিম্মং বিওপির বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের বিজিবির ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ দুটি ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
ঘটনার পর পলাতক চোরাকারবারিদের আটক করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: ৬৪ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি, ২৭ নভেম্বর ২০২৬
https://slotbet.online/