ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শীলখালী সংরক্ষিত বনাঞ্চলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া বন্যহাতির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করেছেন চিকিৎসকরা। চিকিৎসার সময় হাতিটির পেছনের ডান পায়ের হাড়ে আটকে থাকা দুটি গুলির অংশ বের করা হয়েছে। গুরুতর আহত হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে বন বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন চিকিৎসক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল হাতিটির চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে চিকিৎসা। এ সময় হাতিটিকে ট্রাংকুলাইজার প্রয়োগ করে অচেতন করা হয়। পরে ক্ষতস্থান পরিষ্কার, পুঁজ অপসারণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আহত হাতিটির বয়স আনুমানিক ৩০ বছরের বেশি। গত ১৬ নভেম্বর বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতিটিকে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তার সঙ্গে আরও একটি স্ত্রী হাতি ছিল। পেছনের ডান পায়ে গুরুতর আঘাত থাকায় হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না।
খবর পেয়ে বন বিভাগের সদস্যরা হাতিটির সন্ধানে অভিযান শুরু করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ড্রোনের সহায়তায় শীলখালীর দুর্গম পাহাড়ি বনাঞ্চলে হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। তবে দুর্গম পথ ও নিরাপত্তাঝুঁকির কারণে সেদিন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। পরদিন সকালে আবারও অভিযান চালিয়ে দুপুরে হাতিটির কাছে পৌঁছান বনকর্মী ও চিকিৎসক দলের সদস্যরা।
চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত হয়। এর মধ্যে ছয়টি ক্ষত শরীরের বিভিন্ন স্থানে এবং দুটি পেছনের ডান পায়ের হাড়ে আঘাত করেছে। পায়ে আটকে থাকা গুলির অংশ বের করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির অবস্থান শনাক্ত ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে বন বিভাগের সদস্যদের বেশ বেগ পেতে হয়েছে। হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সুস্থতার অগ্রগতি বিবেচনায় পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাতিটিকে গুলি করার ঘটনায় পাহাড়ে অবস্থানরত সশস্ত্র অপরাধী, অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে কারা এবং কী কারণে হাতিটিকে গুলি করেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের দাবি উঠেছে।
হাতিটির চিকিৎসার সময়ও তার সঙ্গী স্ত্রী হাতিটি কাছাকাছি অবস্থান করছিল। স্থানীয়দের ভাষ্য, আহত হওয়ার পর টানা কয়েক দিন সঙ্গী হাতিটি তাকে ছেড়ে যায়নি। কখনো পাশাপাশি হেঁটেছে, আবার কখনো আহত হাতিটির চলার গতির সঙ্গে তাল মিলিয়ে ধীরগতিতে চলেছে। চিকিৎসার সময়ও স্ত্রী হাতিটির উপস্থিতির কারণে বনকর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি আহত হাতিটির উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যপ্রাণীর আবাসস্থলে কার্যকর নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছে।
বেলার পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
টেকনাফের হ্নীলা ও বাহারছড়ার দুর্গম পাহাড় দীর্ঘদিন ধরে বন্যহাতির বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। একই এলাকায় সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা, অপহরণ, মানবপাচার ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল রক্ষা এবং হাতিটির ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
https://slotbet.online/