ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক চালকের নাম মো. হুমায়ুন কবির (২২)। তিনি টেকনাফের উনচিপ্রাং গ্রামের নুরুল আফসারের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হ্নীলা থেকে কক্সবাজারগামী সিএনজিটি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় চালকের আসনের নিচে সন্দেহজনক একটি গোপন চেম্বার দেখতে পান তাঁরা। পরে সেখান থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোনসহ চালককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হ্নীলা থেকে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
https://slotbet.online/