ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মাদক, সন্ত্রাস, মানবপাচার ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এক বিশাল শোভাযাত্রা ও সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন। উপজেলা ছাত্রদলের আওতাধীন ১২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের জিরো পয়েন্টে গিয়ে শোভাযাত্রাটি সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, ‘টেকনাফ থেকে মাদকের কলঙ্ক মুছে ফেলতে ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মানবপাচার, অপহরণসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রদল কাজ করবে। আমরা একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত টেকনাফ গড়ে তুলতে চাই।’
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, ‘টেকনাফে কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করবে। একই সঙ্গে মাদক ও অপরাধের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও সচেতন মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’
প্রায় আট বছর পর টেকনাফ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন পাওয়ায় সমাবেশ থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ সংশ্লিষ্ট নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর কক্সবাজার জেলা ছাত্রদল ১৭ সদস্যবিশিষ্ট টেকনাফ উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেয়। নতুন কমিটি ঘোষণার পর এটিই ছিল সংগঠনটির বড় পরিসরের শোভাযাত্রা ও সমাবেশ।
https://slotbet.online/