টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওরে আগাম বন্যার সতর্কতা জারি
২৫ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৭:২
(দোয়ারাবাজার, সুনামগঞ্জ) প্রতিনিধি: দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় হাওর এলাকায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
২৪ এপ্রিল শুক্রবার দুপুরে পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হাওর অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পাউবো আরও জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই এবং ভুগাই-কংসসহ হাওর এলাকার প্রধান নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে ২৮ এপ্রিলের পর কোনো কোনো স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার (৫ দশমিক ৭৭ ফুট) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পূর্বাভাস অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সম্ভাব্য বন্যার কারণে হাওর এলাকার বোরো ধান ক্ষতির ঝুঁকিতে পড়তে পারে উল্লেখ করে পাউবো কৃষকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। যেসব জমির ধান প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Related Tag :বন্যার আশঙ্কাটানা বৃষ্টিহাওর
https://slotbet.online/