দোয়ারাবাজারে ২০ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী।
(দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বক্তারপুর-নয়াগাঁও এলাকায় নির্মিত একটি সেতু দীর্ঘ ২০ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। দ্রুত সেতুটি মেরামত এবং দুই পাশে অ্যাপ্রোচ সড়কে মাটি ভরাট করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সেতুটির মূল পাকা নির্মাণকাজ সম্পন্ন করলেও দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নির্মাণ বা মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়নি। ফলে সেতুটি দীর্ঘদিন ধরেই ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই দশক পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। একসময় এখানে একটি চলাচলযোগ্য সড়ক থাকলেও ঢলের পানির তোড়ে তা ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়দের দাবির মুখে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষের দুর্ভোগ কমেনি।
ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা বিলাল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে সেতুটি অচল পড়ে আছে। দ্রুত কাজ শেষ করে চালু করা হলে আমাদের চলাচল অনেক সহজ হবে।”
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে সেতুটির অ্যাপ্রোচ নির্মাণ দ্রুত সম্পন্ন করা জরুরি।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেতুটিকে চলাচল উপযোগী করা হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, “সেতুটি পরিদর্শন করে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”
https://slotbet.online/