নিজস্ব প্রতিবেদক, রংপুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রিয়াজ আহমেদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার জনাব মো. মনিরুল হক প্রধান, অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার জনাব রামজীবন কুন্ডু এবং বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক জনাব আব্দুর রহিম।
বক্তারা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ সময়। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শাহিনুর রহমান, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ইমদাদুল হকসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, চাবির রিং ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জনাব রামজীবন কুন্ডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অধ্যাপক ইমদাদুল হকের সংগীত পরিবেশনা। তার সুললিত কণ্ঠে গান শুনে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। সবশেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
https://slotbet.online/