ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৮৪ লিটার বাংলা চোলাই মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল কেয়ারী ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর বহন করা দুটি বস্তা তল্লাশি করা হয়। বস্তা থেকে ৪৫ লিটার বাংলা চোলাই মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, বুধবার (২৫ নভেম্বর) সকালে দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে কে-৯ ডগ ‘বার্লিন’-এর সহায়তায় ঠেংখালী থেকে টেকনাফগামী একটি অটোরিক্সায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। অটোরিক্সার সিটের মধ্যে লুকিয়ে রাখা ৩৯ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিক্সার চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়। জব্দ করা হয় অটোরিক্সাটি ও দুটি মোবাইল ফোন।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নুরুল আমিন (৩০) এবং উখিয়ার তেলখোলা এলাকার আরাফাত হোসেন (১৯) ও রিদুয়ানুল করিম (১৯)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও চেকপোস্টভিত্তিক তল্লাশি অব্যাহত রয়েছে। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
আটক ব্যক্তিদের ও জব্দ করা মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩