ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে সমুদ্রে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গত রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধারসহ ২০ জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য।
পরে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অন্যদিকে হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্য
তেও অব্যাহত থাকবে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩