ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। উদ্ধার করা গ্রেনেডগুলো আদালতের নির্দেশনায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে নিরাপদে ধ্বংস করা হয়েছে।
[caption id="attachment_81796" align="alignnone" width="226"]
আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা[/caption]
গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক।
এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ পরিস্থিতিতে আদালতের কাছে বিস্ফোরকগুলো ধ্বংসের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫ (নন-জিআর), কক্সবাজার ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের জিএস শাখাকে প্রয়োজনীয় নির্দেশনা ও ক্ষমতাপত্র প্রদান করেন।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩