ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত ও অস্ত্র মামলার সন্দিগ্ধ আসামিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ২১ নম্বর চাকমারকুল ও ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পে এসব অভিযান পরিচালনা করা হয়।

এপিবিএন সূত্র জানায়, চাকমারকুল ক্যাম্পের ২১ নম্বর এপিবিএন ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে সিআইসি অফিসের সামনের সড়ক থেকে রশিদুল্লাহ (২৪) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার রশিদুল্লাহ ক্যাম্প-২১-এর এ/০৭ ব্লকের ১৬৬ নম্বর শেডের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানার ২০২২ সালের ১৫ আগস্টের ৪৮ নম্বর মামলায় জিআর ৭৭০/২২ রয়েছে। দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় করা ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
অন্যদিকে, একই দিন বিকেল ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টা পর্যন্ত উনচিপ্রাং ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে উনচিপ্রাং এপিবিএনের একটি দল। অভিযানের অংশ হিসেবে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ক্যাম্প-২২-এর এ/৫ ব্লকে ইদ্রিসের বাঁশের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র আইনের মামলার সন্দিগ্ধ আসামি মো. ইসলাম (৩১) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম ক্যাম্প-২২-এর ডি/৪ ব্লকের ৭৭৬ নম্বর ঘরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানার ৯ নভেম্বর ২০২৬ তারিখের ৩৩ নম্বর এফআইআর ও জিআর ৯৬৮ নম্বর মামলাটি রয়েছে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় করা মামলাটির তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।
এ ছাড়া পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারাসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে ২০২০, ২০২২ ও ২০২৬ সালের মোট ১২টি মামলার তথ্য পাওয়া গেছে।
১৬ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩