ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী রশিদের ঘের এলাকায় এ ঘটনা ঘটে।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বিজিবির বিশেষ টহল দল মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে দুটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় পাচারকারীরা পোটলাগুলো ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া দুটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া পাচারকারীদের আটকের লক্ষ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩