ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
পরে অভিযানিক দল নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেট তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩