ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক অভিযানে মাদকসেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গা এবং জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অভিযান দুটি পরিচালনা করা হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সি ব্লকে টহল দেওয়ার সময় রশিদ আহমেদ (২৩) নামে এক রোহিঙ্গাকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পান পুলিশের সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়।
পরে তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত রশিদকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বিকেল ৩টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের ই ব্লকে অভিযান চালিয়ে গোলামুর রহমান (২০) নামে জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে এপিবিএনের মোবাইল টহল দল।
গোলামুর রহমানের বিরুদ্ধে রামু থানায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দায়ের করা ৩ নম্বর মামলায় জিআর ৫১/২৫ নম্বর ওয়ারেন্ট রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় দায়ের করা ওই মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩