টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ
সম্প্রতি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীসহ উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সংক্রান্ত সংবাদ প্রকাশের পর একটি স্বার্থান্বেষী মহল প্রেসক্লাবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।
বিশেষ করে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্গঠন করা হচ্ছে-এমন বিভ্রান্তিকর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
আমরা এ ধরনের মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্পষ্টভাবে বলতে চাই, টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি পেশাদার সাংবাদিক সংগঠন। এ সংগঠনের মূল লক্ষ্য হলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ রক্ষা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং টেকনাফের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
১ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ছিল সম্পূর্ণ পেশাগত ও জনস্বার্থসংশ্লিষ্ট। সেখানে উন্নয়নকাজের স্বচ্ছতা, সড়ক ও অবকাঠামোর গুণগত মান, ভোটারদের হয়রানি বন্ধ, নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধ এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এসব জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে রাজনৈতিক রং দিয়ে একটি সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের উদ্দেশে বলতে চাই, কোনো তথ্য-প্রমাণ ছাড়া একটি প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠনকে রাজনৈতিক তকমা দেওয়া দায়িত্বশীলতার পরিচয় নয়। কারও কাছে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।
টেকনাফ উপজেলা প্রেসক্লাব কোনো রাজনৈতিক দলের পুনর্গঠন বা দলীয় কার্যক্রমের প্ল্যাটফর্ম নয়। সাংবাদিকতার স্বাধীনতা, নিরপেক্ষতা ও জনস্বার্থ রক্ষায় সংগঠনটি তার সাংগঠনিক নীতিমালা অনুযায়ী কাজ করে যাবে।
আমাদের স্পষ্ট অবস্থান-প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মানেই রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, বরং জনগণের সমস্যা ও অধিকার তুলে ধরাই সাংবাদিকতার দায়িত্ব।
ভবিষ্যতেও টেকনাফ উপজেলা প্রেসক্লাব অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কাজ করে যাবে। কোনো অপপ্রচার, ভয়ভীতি কিংবা ষড়যন্ত্রের কাছে সংগঠনের নীতি ও আদর্শকে নত করা হবে না।
প্রতিবাদকারী
নুরুল হোসাইন
প্রতিষ্ঠাতা সভাপতি
ও
ফরহাদ রহমান
সাধারণ সম্পাদক
টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩