ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দলের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে সীমান্তবর্তী ফারিরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকের নাম মো. হাসমাতুল্লাহ (৪০)। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১২, ব্লক-এফের বাসিন্দা। তাঁর পিতা মো. আবুল বাশার ও মাতা লায়লা খাতুন।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ফারিরবিল মিজানের ঘেরের পূর্ব পাশে বেড়িবাঁধ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়।
বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
৬৪ বিজিবি অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩