
শরীফ আহমেদ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মাদকের টাকার জন্য পারিবারিক নির্যাতন ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগে মাহাবুর রহমান পিন্টু (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার জন্মদাতা বাবা।
অভিযুক্ত পিন্টু তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পিন্টু দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম না করে মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তিনি প্রায়শই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন এবং বাবা নুরুল ইসলামকে মারধর ও লাঞ্ছিত করতেন। টাকা না দিলে ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকিও দিতেন তিনি।
সর্বশেষ গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পিন্টু পুনরায় বাবার কাছে মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে বাবার ওপর হামলার চেষ্টা চালান। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং কাপড়ে আগুন ধরিয়ে দেন।
ছেলের এমন মারমুখী আচরণ ও ধারাবাহিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে নুরুল ইসলাম বুধবারই তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের সহায়তায় ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে পিন্টুকে আটক করে থানা হেফাজতে দেওয়া হয়।
ভুক্তভোগী বাবা নুরুল ইসলাম আক্ষেপ করে বলেন, "ছেলে কোনো কাজ করে না, শুধু মাদকের টাকার জন্য বাড়িতে চরম অশান্তি করে। টাকা না পেলেই গালাগাল আর ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।"
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, অভিযুক্ত পিন্টুর বিরুদ্ধে মাদক সেবন ও গৃহস্থালি সহিংসতার অভিযোগ রয়েছে। বাবা নিজে উপস্থিত থেকে তাকে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩