বগুড়া প্রতিনিধি:– বগুড়ায় বিএনপির এক প্রভাবশালী নেতার কথিত অনিয়ম, দুর্নীতি ও নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আরমান হোসেন ডলারকে হত্যা ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মানবাধিকার নেতা মো. আরমান হোসেন ডলার বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আলী। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখিত অভিযোগে মো. আরমান হোসেন ডলার উল্লেখ করেন, মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও কথিত অপকর্মের বিষয়ে তিনি গত ২৯ ও ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। এরপর থেকেই অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীদের মাধ্যমে বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ২ সেপ্টেম্বর সকালে তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাঁর ছেলেকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
একই ঘটনায় বিভিন্ন নম্বর থেকে ফোন করে অভিযুক্তের অফিসে দেখা করতে বলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি হুমকির বিষয়টি অস্বীকার করায় তা সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি।
এরপর গত ৩ ও ৪ সেপ্টেম্বর অভিযুক্ত মোহাম্মদ আলীর ব্যবহৃত নম্বর থেকে একাধিকবার ফোন দেওয়ার অভিযোগও করেন মো. আরমান হোসেন ডলার।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. আরমান হোসেন ডলার বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩