
সিরাজগঞ্জ (কাজিপুর) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার "গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়" পরিদর্শনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৮ জুলাই ২০২৬ ইং, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সংসদ সদস্য সেলিম রেজা বিদ্যালয়টি পরিদর্শনে যান।
এ সময় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত কয়েকজন নেতাকর্মীর বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এছাড়া, স্থানীয় বিএনপির পক্ষ থেকে স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার দাবি জানানো হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

এ বিষয়ে বিদ্যালয় সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হয় যে, স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা বিদ্যালয় পরিদর্শনের সময় কয়েকজন শিক্ষার্থী ওই স্লোগান দেয়। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সংসদ সদস্যের কাছে দুঃখ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলী'র স্মৃতিবিজড়িত একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকাটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩