বিশেষ প্রতিনিধি (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের যৌন হয়রানি মামলার আসামি জহুরুল ইসলাম খোকনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ' নামের একটি সামাজিক সংগঠন। অভিযুক্ত জহুরুল ইসলাম খোকন উক্ত প্রতিষ্ঠানের সমাজবিদ্যা বিভাগের প্রভাষক।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. বদরুল আমিন সোহাগ। তিনি বলেন, “ছাত্রীদের যৌন হয়রানির ঘটনার এক মাস পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।” তিনি দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জোরালো দাবি জানান। একই সাথে তদন্তের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কোনো নিরপরাধ শিক্ষক যেন হয়রানির শিকার না হন, সেদিকেও গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহুরুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক বিকাশ সরকার ও সুজন কুমার মাহাতোর বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
আসামি গ্রেপ্তারের অগ্রগতি সম্পর্কে রায়গঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত জহুরুল ইসলাম খোকন বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে, আমরা তাকে ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে ধরা পড়বে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুসরাত জাহান বলেন, “ঘটনার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। তবে বোর্ড থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩