
আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম: টানা চার দিনের অবিরাম বর্ষণে চট্টগ্রামের উপকূলীয় জনপদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকায় অবস্থিত সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প পানিবন্দি হয়ে পড়েছে। এতে ক্যাম্পের দাপ্তরিক কার্যক্রম, বসবাস এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, ক্যাম্পের চারপাশে হাঁটুসমান পানি জমে রয়েছে। ক্যাম্পের অভ্যন্তরেও প্রায় এক ফুট পানি প্রবেশ করেছে। রান্নাঘরে পানি ঢুকে পড়ায় সেখানে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না।
এছাড়া ক্যাম্পের অফিস কক্ষের টিনের ছাউনি বিভিন্ন স্থানে ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সরাসরি কক্ষের ভেতরে প্রবেশ করছে। ফলে সরকারি নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ক্যাম্পের ইবাদতখানাতেও বৃষ্টির পানি পড়ায় নিয়মিত নামাজ আদায়ে বিঘ্ন ঘটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে ক্যাম্পে যাতায়াত ও স্বাভাবিক কার্যক্রমে তেমন সমস্যা না থাকলেও বর্ষা এলেই একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয়। ক্যাম্পের চারপাশে প্রয়োজনীয় মাটি ভরাট না থাকা এবং জরাজীর্ণ টিনের ছাউনি সংস্কার না হওয়ায় প্রতি বছরই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
সংশ্লিষ্টদের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে দায়িত্ব পালনের স্বার্থে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প দ্রুত সংস্কার, ছাউনি মেরামত এবং প্রয়োজনীয় মাটি ভরাটের উদ্যোগ গ্রহণ করা জরুরি।
স্থানীয় সচেতন মহলেরও অভিমত, পুলিশ সদস্যদের নিরাপদ ও বাসযোগ্য কর্মপরিবেশ নিশ্চিত করা হলে জনসেবার মান আরও উন্নত হবে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩