প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৯:২৫ পি.এম
তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার
![]()
শামসুজ্জোহা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির আশঙ্কা এড়ানো গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্তরা হলেন মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর আলম এবং একই এলাকার বাসিন্দা আব্দুল হালিম খন্দকার। আগুনে তাদের বসতবাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হঠাৎ বিদ্যুতের একটি তার ছিঁড়ে আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে আব্দুল হালিম খন্দকারের বাড়ির টিনের চালে পড়ে। এতে টিন ফুটো হয়ে আগুনের সৃষ্টি হয়। স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
আব্দুল হালিম খন্দকারের ছেলে জানান, ঘটনার কিছুক্ষণ আগে তিনি তার অসুস্থ মাকে চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে বের হন। পরে ফিরে জানতে পারেন, ঘরের যে স্থানে তার মা কিছুক্ষণ আগেও শুয়ে ছিলেন, ঠিক সেই স্থানেই বিদ্যুতের তার পড়ে টিন ফুটো হয়ে যায়। তিনি বলেন, “আমরা যদি তখন ঘরে থাকতাম, তাহলে হয়তো আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হতে হতো। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা প্রাণে রক্ষা পেয়েছি।”
আব্দুল হালিম খন্দকারের পরিবারের সদস্যরা বলেন, “আমাদের আর্থিক ক্ষতি খুব বেশি নয়। তবে যেভাবে বিদ্যুতের তারটি বসতবাড়ির ওপর এসে পড়েছে, ওই সময় পরিবারের কেউ সেখানে থাকলে বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।”
স্থানীয়দের অভিযোগ, প্রফেসরপাড়ার মৃত ঠান্ডু মাস্টারের বাড়ির দিকের একটি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ থেকেই এ শর্ট সার্কিটের সূত্রপাত। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এলাকাবাসী আরও জানান, প্রফেসরপাড়ার রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করা কঠিন। তাদের আশঙ্কা, আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকাই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারত।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগগুলো দ্রুত অপসারণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনগুলো দ্রুত সংস্কার ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩